
নিজস্ব প্রতিবেদক, বরিশাল। বরিশালের রিফিউজি কলোনি এলাকায় মাদক সাম্রাজ্য ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে চিহ্নিত মাদক সম্রাট এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলার আসামি ‘গাঁজা রফিক’। শীর্ষ সন্ত্রাসী ‘নাককাটা রুবেল’-এর প্রধান অর্থ জোগানদাতা হিসেবে পরিচিত এই রফিকের বিরুদ্ধে এবার অনুসন্ধানী সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও হেনস্তার গুরুতর অভিযোগ উঠেছে।
প্রাপ্ত তথ্যানুযায়ী, সম্প্রতি একটি মামলার বাদী অনুসন্ধানী সাংবাদিক মাছুদুর রহমান আসলামকে মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় রফিক ও তার সহযোগীরা। গত শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে রফিকের মোবাইল নম্বর থেকে প্রথমে এক নারী এবং পরবর্তীতে রেজা নামে এক ব্যক্তি সাংবাদিক আসলামকে চরম হেনস্তা করেন। রেজা নিজেকে ‘আলেকান্দা’র বাসিন্দা পরিচয় দিয়ে এলাকায় ত্রাস সৃষ্টির চেষ্টা চালান।
অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। রফিক কেবল মাদক ব্যবসাই নয়, বরং শীর্ষ সন্ত্রাসী ‘নাককাটা রুবেল’-এর অবৈধ অস্ত্রের ভাণ্ডারও নিয়ন্ত্রণ করছে। বিশ্বস্ত সূত্রের দাবি, রুবেলের কাছে থাকা বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রের একটি বড় অংশ বর্তমানে রফিকের কাছে গচ্ছিত রয়েছে। রফিক নিজেই মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন, যার কল রেকর্ড সংবাদমাধ্যম ‘তালাশ বিডি’-র কাছে সংরক্ষিত আছে।
অত্যন্ত ধূর্ত এই মাদক সম্রাট হোয়াটসঅ্যাপে সাংবাদিক আসলামকে ডিবি পুলিশের ভয় দেখান। নিজেকে ‘রাজা রফিক’ দাবি করে তিনি দম্ভোক্তি করেন যে, ডিবি পুলিশের মাধ্যমে সাংবাদিককে তুলে নিয়ে মাদক মামলায় ফাঁসিয়ে দেবেন। এছাড়া মামলার বাদীকে বিভিন্ন সময় অর্থের প্রলোভন দেখিয়ে ম্যানেজ করার ব্যর্থ চেষ্টা করেন তিনি। এমনকি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়েও কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
রিফিউজি কলোনি ও সংলগ্ন এলাকার বাসিন্দারা এই চক্রটির দাপটে দিশেহারা। সাধারণ মানুষ তাদের ভয়ে মুখ খুলতে সাহস পায় না। মাদক ও অস্ত্রের এই মরণনেশা থেকে এলাকাকে বাঁচাতে ভুক্তভোগীরা দ্রুত এই মাদক সম্রাট ও তার সহযোগীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, রফিকের মাদক ব্যবসার স্বীকারোক্তি এবং সাংবাদিককে হুমকির সমস্ত কল রেকর্ড ও ডিজিটাল প্রমাণ বর্তমানে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের হস্তগত রয়েছে, যা আইনি প্রক্রিয়ায় রফিকের বিরুদ্ধে শক্তিশালী প্রমাণ হিসেবে কাজ করবে।
প্রতিবেদকের নাম 









