
বরিশালে সাংবাদিক আসলামকে জজকোর্টে বসে কিশোর গ্যাং লিডার অলির হুমকি: নেপথ্যে তথাকথিত ছাত্রদল নেতার ছত্রছায়ায় মাদক ও অস্ত্রের মহড়া
স্টাফ রিপোর্টার বরিশাল :
বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার ত্রাস, কিশোর গ্যাং লিডার ও চিহ্নিত মাদক ব্যবসায়ী অলি এবার আদালত চত্বরে বসে এক সাংবাদিককে সশরীরে প্রাণনাশের হুমকি দেওয়ার ধৃষ্টতা দেখিয়েছে। ভুক্তভোগী মাছুদুর রহমান আসলাম অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি’র সিনিয়র স্টাফ রিপোর্টার।
জানা গেছে, সম্প্রতি তরিকুল নামে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় কিশোর গ্যাং প্রধান অলির বিরুদ্ধে একটি তথ্যবহুল সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আসলাম। এই সংবাদের জেরে ক্ষিপ্ত হয়ে গত রবিবার ও বুধবার বরিশাল জজকোর্ট চত্বরে আসলামের পথরোধ করে তাকে খুন-জখমের হুমকি দেয় অলি। একজন সংবাদকর্মীকে প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে এমন হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
অনুসন্ধানে জানা যায়, এই উঠতি বয়সের কিশোর গ্যাং লিডার অলির খুঁটির জোর বাংলাবাজার বড় বাড়ি এলাকার এক তথাকথিত ছাত্রদল নেতা। স্থানীয়দের অভিযোগ, ওই নেতার সরাসরি পৃষ্ঠপোষকতায় অলি এলাকায় মাদক ও অস্ত্রের সাম্রাজ্য গড়ে তুলেছে। অলির বয়স যখন কলম আর খেলার মাঠ নিয়ে ব্যস্ত থাকার কথা, তখন তার হাতে মাদক ও দেশীয় অস্ত্র তুলে দিয়ে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছেন এই গডফাদার।
এলাকাবাসীর দাবি, অলিকে এর আগে একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করলেও লাভ হয়নি। তার গডফাদাররা অদৃশ্য ক্ষমতার জোরে বারবার তাকে জামিনে ছাড়িয়ে আনে। আর কারাগার থেকে বেরিয়েই সে আরও বেশি হিংস্র হয়ে ওঠে। জামিনে ফেরার পরপরই তার হাতে পুনরায় মাদক ও অস্ত্রের চালান তুলে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
ভুক্তভোগী সাংবাদিক ও সচেতন মহল বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনারের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, শুধু অলিদের মতো চুনোপুঁটিদের ধরে লাভ নেই; বরং এই কিশোর গ্যাং ও মাদক ব্যবসার মূল হোতা এবং আশ্রয়দাতা গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। গডফাদারদের গ্রেপ্তার করা সম্ভব হলেই অলির মতো তরুণদের বিপথে যাওয়া ঠেকানো যাবে এবং সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।
এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
প্রতিবেদকের নাম 












