
নিজস্ব প্রতিবেদক :
বরিশাল সদর উপজেলায় জলবায়ু পরিবর্তন সহনশীলতা বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা জোরদারে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার প্রকল্পের ইনসেপশন প্রোগ্রাম ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১টা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফরিদা সুলতানা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সিভিল সোসাইটি সদস্য এবং সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন প্রকল্প ব্যবস্থাপক রেজিনা জয়ধর। তিনি তার বক্তব্যে বলেন, শিশু অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ ও মানব পাচার রোধে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। ECCR প্রকল্প এসব ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে উপস্থাপনা করেন প্রকল্প অফিসার জিস্কেল ইজারদার এবং প্রকল্পের সার্বিক ওভারভিউ উপস্থাপন করেন MEAL অফিসার মো. সৈয়দ আলাম। এতে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল এবং কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রকল্পের আওতায় শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানব পাচার রোধ, নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ছাড়াও বেকার যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণ, পুষ্টি বাগান স্থাপন এবং কৃষি দক্ষতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
বক্তারা বলেন, সামাজিক অনিয়ম প্রতিরোধ ও টেকসই উন্নয়নের জন্য সরকারি-বেসরকারি সংস্থা, স্থানীয় সরকার এবং কমিউনিটির সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। তারা প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে একপর্যায়ে প্রকল্পের ডকুমেন্ট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর এবং প্রধান অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, ECCR প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বরিশাল সদরে শিশু সুরক্ষা জোরদার, বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধ এবং জীবন-জীবিকার উন্নয়নে ইতিবাচক ও টেকসই পরিবর্তন আসবে।
প্রতিবেদকের নাম 












